সিসি ডেস্ক, ১৩ মার্চ।। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা এলাকার ছাটকরাইবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। ইসমাইল কালুরবাড়ি উত্তর কাউনিয়ারচর গ্রামের বেলাল হোসেনের ছেলে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাংলাদেশি একদল গরু ব্যবসায়ী আর্ন্তজাতিক মেইন পিলার ১০৫৪- এর কাছে যায়। সেখানে কাটাতারের বেড়ার ওপর দিয়ে ভারত থেকে গরু নামাতে যায় তারা। এ সময় ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে।
এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের ভেতর ঢুকে কালু মিয়াকে ধরে নিয়ে যায়। এ সময় বিএসএফ সদস্যরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টহলদল ওই সীমান্তে উপস্থিত হয়। তারা ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করছে।