সিসি নিউজ, ১ এপ্রিল।। করোনা ভাইরাসের সংক্রমন রোধে জনসমাগম হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষনায় বিপাকে পড়া সৈয়দপুরের লক্ষণপুর মালীপাড়ার (ঢুলিপাড়া) ৩০ পরিবারের পাশে দাঁড়ালো বিশিষ্ট শিল্পপতি নোয়াহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাজ কুমার পোদ্দার।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লক্ষনপুর গ্রামের ওই পাড়ায় গিয়ে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, নগদ অর্থ এবং ৩০ পরিবারের একমাত্র মন্দিরটি সংস্কারের জন্য ৫১০০ টাকা ও বিশুদ্ধ পানি পানের জন্য টিউবওয়েল প্রদান করেন। এ ছাড়া পাড়ার কর্মক্ষম পুরুষ-মহিলাদের নিজ ফ্যাক্টরীতে চাকুরী দেয়ার ঘোষনা দেন।
এ সময় নোয়াহ গ্রুপের ডিরেক্টর গোকুল কুমার পোদ্দার, সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিয়ে-পূজা ছাড়াও বিভিন্ন উৎসবে ঢোল বাজিয়ে জীবিকা নির্বাহ করে ঢুলিপাড়ার এই ৩০টি পরিবার। করোনাভাইরাস সংক্রমন রোধে সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষনা হওয়ায় বিপাকে পড়ে ঢুলিরা। অনাহারে-অদ্ধাহারে কাটছে তাদের জীবন। এ নিয়ে সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হলে দৃষ্টিগোচর হয় নোয়াহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাজ কুমার পোদ্দারের । তিনি তাদের সাহায্যার্থে ছুটে যান ওই পাড়ায়।