সিসি নিউজ, ৩ এপ্রিল ।। করোনাভাইরাস প্রাদূর্ভাবের মাঝেও নিয়মিত জমজমাট জুয়ার আসর বসায় ধাওয়া ও উত্তম-মধ্যম দিয়েছে এলাকার যুবসমাজ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শহরের কয়াগোলাহাট ডাঙ্গাপাড়া এলাকায়।
জানা গেছে, করোনা দুর্যোগে মানুষজনকে বাড়িতে থাকতে বলা হলেও কতিপয় পেশাদার জুয়াড়ি প্রতিনিয়ত এলাকার বাঁশঝাড়, পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে জমজমাট জুয়ার আসর বসাতো। ওইসব আসরে লক্ষাধিক টাকার খেলা হতো। জুয়াড়িদের প্রতিহত করতে এলাকার সমাজসেবক মোস্তাফিজুর রহমান মুন্না সরকার এলাকার যুবসমাজকে নিয়ে বৃহস্পতিবার রাতে হানা দেন একটি আসরে। উত্তম-মধ্যম খেয়ে জুয়াড়িরা দিকবিদিক পালিয়ে যায়। তবে যুবসমাজের হাতে ধরা পড়ে তিন জন। বাড়ির বাইরে না বের না হওয়া এবং জুয়া না খেলার প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দেয়া হয়। এলাকাবাসী যুবসমাজের এ কর্মকান্ড ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে যুবকদের এমন উদ্যোগকে স্বাগত জানাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুয়াড়িদের নামের তালিকা সংগ্রহে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।