সিসি নিউজ, ১৫ এপ্রিল ।। করোনা পরিস্থিতিতে নীলফামারী জেনারেল হাসপাতালে নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে বুথ হস্তান্তর করেছে করোনা ব্রিগেড নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সৌজন্যে এবং করোনা ব্রিগেড নীলফামারীর উদ্যোগে ওই বুথটি মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়। হাসপাতালের সামনে বুথটি গ্রহন করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. মেজবাহুল হাসান চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হাসান, চিকিৎসক আব্দুল রহিম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, করোনা ব্রিগেডের প্রধান সমন্বয়ক নবনীতা চক্রবর্তী, সদস্য ফিরোজ সোহাগ, রেদওয়ান রাহাত প্রামানিক, সুজাউদ্দিন খান, জাহানুল হাবিব, সাব্বির হোসেন প্রমুখ।
করোনা ব্রিগেডের প্রধান সমন্বয়ক নবনীতা চক্রবর্তী বলেন,“করোনা পরিস্থিতে ঝুকিমুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতে করোনা ব্রিগেডের উদ্যোগে এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের অর্থায়নে হাসপাতালে স্থাপনের জন্য ওই বুথটি প্রদান করা হয়েছে। এটি সুবিধামত স্থানে স্থাপন করে চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন হাসপাতাল কতৃপক্ষ।
তিনি জানান, করোনা ব্রিগেড অনলাইনভিত্তিক একটি সংগঠন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের সমন্বয়ে গত ২০ মার্চ সংগঠনটির যাত্রা শুরু। ওই সংগঠনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক এবং কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে। গ্রুপের ২৫জন চিকিৎসক অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করছেন। জেলা শহরের পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ, নার্স ও চিকিৎসকদের মাঝে সেনিটাইজার বিতরণ করা হয়েছে।