সিসি ডেস্ক, ১৯ এপ্রিল ।। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। তার করোনা পজিটিভ হওয়ায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ইউএনও মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, উপজেলার কর্মচারী ও তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম এসব তথ্য নিশ্চিত করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ফারজানা আক্তারকে রূপগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপ্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনিসহ উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনার, উপজেলার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করে যাচ্ছিলেন।
গত এক সপ্তাহ আগে জ্বর, ঠাণ্ডা ও কাশিতে ভুগছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। পরে তার নমুনা পরিক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
এদিকে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের করোনা পজিটিভ হওয়ায় আতঙ্কে উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ইউএনও মমতাজ বেগম, উপজেলার কর্মকর্তা কর্মচারী ও তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর আক্রান্ত ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারকে উপজেলার পরিষদের ডাক বাংলোতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, বিষয়টি খুবই চিন্তার। সবাই উনার জন্য দোয়া করবেন। আর সবাই ঘরে থাকুন। সবার জন্য মঙ্গল হবে।