সিসি নিউজ, ২০ এপ্রিল।। “যৌতুকের দাবিতে শিক্ষক স্বামীর হাতে শিক্ষক স্ত্রী নির্যাতনের শিকার” শিরোনামে সংবাদটি সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম-এ গত ১৭ এপ্রিল তারিখে প্রকাশিত হয়েছিল। প্রকাশিত সংবাদটির প্রতিবাদ করেছেন শিক্ষক স্বামী ইয়াকুব আলী। তিনি সিসি নিউজ অফিসে স্বশরীরে হাজির হয়ে সংবাদটির প্রতিবাদসহ মূল ঘটনাটি উপস্থাপন করেন।
তিনি সিসি নিউজের কাছে অভিযোগ করেন, স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া বাধা দিতে গিয়ে সে নিজেই শারীরিক নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে সে (স্ত্রী) তার ভাইসহ কয়েকজন মিলে তাকে হত্যার চেষ্টা করে। এই হত্যা চেষ্টায় ব্যর্থ হলে চক্রটি থানায় গিয়ে মিথ্যা অভিযোগ দাখিল করে আমাকে হেনস্থা করার কৌশল অবলম্বন করেছে। প্রকৃতপক্ষে পরকীয়ার ঘটনা দেখে ফেলায় এমন সাজানো নাটক তৈরী করেছে তারা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় এর আগে কয়েকবার আত্মীয়-স্বজন ও ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ সালিশী বৈঠকে বসা হয়েছিল। সে (স্ত্রী) নিজের চরিত্র সংশোধনের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল।
ইয়াকুব আলী তার শরীরের নির্যাতনের ক্ষতগুলো দেখিয়ে বলেন, তিনি নিজে একজন অসুস্থ মানুষ। দীর্ঘদিন থেকে হার্টের ও কিডনী রোগে ভুগছেন। সম্প্রতি তিনি ভারত থেকে চিকিৎসা সেবা নিয়ে দেশে ফিরেছেন। বর্তমানে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি চক্রটির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান।