জয়পুরহাট, ২৫ এপ্রিল ।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা-পাঠানপাড়া এলাকা থেকে সুমাইয়া আকতার (১৫) নামে এক দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সুমাইয়া একই এলাকার মোকলেছুর রহমানের মেয়ে ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ছুটি হওয়ায় সুমাইয়া গত ২ দিন আগে তার নিজ বাড়িতে আসে। সে ক্যাডেটে পড়বেনা বলে প্রায় পরিবারের সাথে জেদ করত। এ নিয়ে পরিবারের সাথে তার প্রায় ঝগড়াও হতো। শুক্রবার সকালে সুমাইয়ার মা তার কাছ থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেয়। তখন থেকে সে তার পরিবারের উপর একটু রেগে ছিল।
ওসি আরও জানান, পরে বাড়ির সবাই জুম্মার নামাজ পড়তে গেলে সবার অজান্তে সে তার বাড়ির পাশে একটি স্কুলের কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তারপর বাড়ির লোকজন ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।