সিসি নিউজ, ১ মে ।। সৈয়দপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টিসহ ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাওয়া সৈয়দপুরের সাংবাদিকদের পিপিই দিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল।
বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবে সভাপতি সাকির হোসেন বাদল ও সাধারন সম্পাদক এম এ করিম মিস্টারের হাতে সংগঠনের সদস্যদের জন্য ওইসব পিপিই তুলে দেন তিনি। প্রেসক্লাব চত্বরে আয়োজিত পিপিই বিতরন অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক, সাংবাদিক কাজী জাহিদ, মকসুদ আলম, জিকরুল হক, নিজু কুমার আগরওয়ালা, ওবায়দুল ইসলাম মিয়া, জসিম উদ্দিন, এম ওমর ফারুক, মিজানুর রহমান মিলন প্রমুখ।
পিপিই বিতরণ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আখতার হোসেন বাদল বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে থানা পুলিশের পাশাপাশি সমাজের দর্পন সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের দেয়া তথ্যের মাধ্যমে আমরা সব ধরণের সংবাদ পেয়ে থাকি। তাই মানবিক কারণে নিজের দায়িত্ববোধ থেকে পিপিই দিয়ে সহযোগিতা করা হয়েছে। পরে তিনি সাংবাদিকদের অন্যান্য সংগঠনের সদস্যদের মাঝে পিপিই বিতরন করেন।
এরআগে বুধবার রাতে সৈয়দপুর থানায় অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খানের হাতে পুলিশ সদস্যদের জন্য উপহার হিসেবে ওইসব পিপিই তুলে দেয়া হয়। অফিসার ইনচার্জ মো.আবুল হাসনাত খানের কার্যালয়ে পিপিই বিতরণ অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জিকো আহমেদ, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি সারফারাজ মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিকসহ অন্যান্যরা। একইদিন শহরের বিমানবন্দর সড়ক মোড়ে ট্রাফিক বক্সে ট্রাফিক সদস্যদের জন্য পিপিই বিতরন করা হয়।
নীলফামারী জেলা ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. আবু নাহিদ পারভেজ চৌধুরীর হাতে এসব পিপিই তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল।