ঢাকা, ১ মে ।। করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৭০ জনের মৃত্যু হলো।
এছাড়া একই সময়ে নতুন করে আরও ৫৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনে।
শুক্রবার (০১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যোগ দিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টার তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি জানান, এ সময়ে আরও ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ হাজার ২৩৯টি। নতুন পরীক্ষায় আরও ৫৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।