আন্তর্জাতিক ডেস্ক, ০৬ মে ।। অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যে লকডাউন শিথিল করার ঘণ্টা কয়েকের মধ্যেই সর্বোচ্চ আক্রান্তে হার রেকর্ড করা হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। সোমবার ২৪৫ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। নাইজেরিয়ায় একদিনে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনওডিসি) জানিয়েছে, আক্রান্তের মধ্যে ৭৩ জন অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত লাগোসে। মঙ্গলবার পর্যন্ত সারাদেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮০২। এর মধ্যে মারা গেছেন ৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪১৭। খবর আল জাজিরার।
নাইজেরিয়ার আবুজা, ওগুন ও লাগোস রাজ্যে লকডাউন শিথিল করার কয়েক ঘণ্টার মধ্যেই আক্রান্তের এই নতুন খবর পাওয়া গেল। এর আগে একমাস ধরে সেসব জায়গায় লকডাউন চলে আসছিল।
নাইজেরিয়ার এ অঞ্চলগুলো ঘনবসতিপূর্ণ। সোমবার উপকূলীয় মেগাসিটি লাগোসের সড়কগুলো জনাকীর্ণ হয়ে উঠেছিল। লক ডাউনের সময় খালি পড়ে থাকা রাস্তায় বাস-ট্রাক, টেক্সিসহ অন্য গাড়িঘোড়ার জোয়ার এসেছিল। এক সঙ্গে ২০ জনের বেশি সমবেত না হওয়া এবং কম পক্ষে ৬ ফুট দূরত্ব রাখার কথা বলা হলেও সেটা মেনে চলা কারো পক্ষেই সম্ভব হচ্ছিল না। সামাজিক দূরত্ব বিধি একদমই মানা হচ্ছিল না।
বাসগুলোতে চড়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা চলছিল মানুষের মধ্যে। যারা উঠতে পেরেছিল, তাদের দাঁড়াতে হয়েছিল ঠাসাঠাসি করে।
তবে একটা ব্যাপারে ইতিবাচক লক্ষণ দেখা গেছে। লকডাউনের আগে যেমন খোলা মুখে মানুষ রাস্তায় নামতেন, তেমন দৃশ্য লকডাউন শিথিলের পর খুব একটা দেখা যায়নি। বেশিরভাগ মানুষই মুখোশ পরে রাস্তায় বেরিয়েছিলেন।