সিসি নিউজ, ১০ মে ।। নীলফামারীর জলঢাকায় করোনায় অপিজন নেছা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি। অফিজন গোলমুন্ডা ইউনিয়নের পূর্ব গোলমুন্ডা গ্রামের মৃত. জহির উদ্দিনের স্ত্রী।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৫ মে জ্বর, সর্দি ও কাশী নিয়ে হাসপাতালে ভর্তি হন অপিজন। এরপর গত ৬ মে তার নমুনা সংগ্রহ করে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। ৮ মে তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। তবে তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আবু হাসান মো. রেওয়ানুল কবির জানান, তিনি দীর্ঘদিন থেকে তীব্র মাথা ব্যাথা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে মৃত্যুর আগে রক্তচাপ স্বাভাবিক ছিলো।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক রোববার সকালে তার গ্রামের বাড়িতে তার মৃতদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, এ নিয়ে জেলার দুই ব্যাক্তি করোনায় মৃত্যুবরণ করলেন। এর আগে গত ২৬ এপ্রিল কিশোরগঞ্জের গোলাম মোস্তফা নামের এক বৃদ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
আর এ নিয়ে জেলায় করোনা আত্রান্ত হয়েছেন ৪০ জন।