সিসি নিউজ, ১৬ মে ।। সৈয়দপুর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচী শুরু করেছে স্বেচ্ছাসেবি সংগঠন রবির সেবা। আজ শনিবার সপ্তাহ ব্যাপী এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন।
সৈয়দপুর বিমানবন্দর সড়কের শহীদ স্মরণী মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবির সেবা’র উপদেষ্টা নুর আলম সিদ্দিক, সভাপতি রবিউল আউয়াল রবি, সাধারন সম্পাদক সোহেল রানা, শিল্পী মো. আবু তাহের, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব রায়, ‘মানবতায় আমরা’ সংগঠনের সভাপতি নাহিদ আহমেদ প্রমুখ।
রবি সেবার সভাপতি রবিউল আউয়াল রবি সিসি নিউজকে জানান, শহরের মোড়ে মোড়ে প্রতিদিন দুই শতাধিক ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে ইফতারী সামগ্রী বিতরণ করা হবে। এ কার্যক্রম আগামী ২২ মে পর্যন্ত প্রতিদিন চলবে।
এদিকে গতকাল শুক্রবার “পাশে আছি” এর উদ্যোগে সৈয়দপুরের রেলওয়ে প্লাটফর্মে বসবাসকারী ১০০ ছিন্নমূল পরিবার এবং সৈয়দপুরের অন্যান্য এলাকার গরীব -নিরুপায় ও অসহায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সমগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কভিড-১৯ মহামারির সম্মুখযোদ্ধা সৈয়দপুর থানার পুলিশ সদস্যদের সম্মানার্থে ইফতার প্রদান করা হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি শফিকুল আলম।