জয়পুরহাট প্রতিনিধি, ২৪ মে ।। তৃতীয় লিঙ্গের প্রায় ২’শ মানুষের বাস জয়পুরহাটে। মা-বাবা,ভাই-বোন, আত্মীয়-স্বজন থাকলেও শারীরিক গঠন ও আচার-আচরনে নারীসুলভ বৈশিষ্টের কারনে তারা নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করেন দলীয় ভাবে। কোন পেশা না থাকায় বাস-ট্রেন বা হাট-বাজার থেকে সাধারন মানুষের কাছে দাবী করে বা চেয়ে নিয়ে যা পান তা দিযেই চালিয়ে নেন নিজেদের ভরন-পোষন। তবে সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সে উপার্জনও বন্ধ হওয়ায় প্রায় নাকাল হয়ে পরেছেন তৃতীয় লিঙ্গের মানুষগুলো। এরই মধ্যে ঈদ সামগ্রী লাভ করে বেশ খুশিই তারা।
জয়পুরহাট জেলা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলনের ব্যাক্তিগত অর্থায়নে ঈদ উপহার পেয়ে বেজায় খুশি তারা। সেমাই, চিনি, দুধ, গোছলের সাবানসহ তাদের বিভিন্ন ধরনের ঈদ উপহার দেওয়া হয় তাদের।
রোববার দুপুরে শহীদ ডাঃ আবুল কাসেম ময়দানে ঈদ উপহার তুলে দেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম হক্কানী। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা মেহমুদ তমাল, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, উজ্জল সরকার, মিজান, মাহবুব ও জয়পুরহাট তৃতীয় লিঙ্গ কল্যান সমিতির প্রধান উপদেষ্টা জাহাঙ্গির হোসেনসহ অন্যান্যরা। করোনার প্রভাবে নাকাল প্রায় এ মানুষগুলো পেটের ক্ষুদা ভুলে ঈদ উপহারে এ ভাবেই নাচ-গান করতে থাকেন ঈদ আনন্দে।
এ অবস্থায় তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আবেদন জানান তৃতীয় লিঙ্গের পৃষ্টপোষকগন।