সিসি নিউজ, ২০ জুন ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনসহ নতুন করে আরো তিন ব্যক্তির করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর এম. এ. রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষার ওই ফলাফল নীলফামারী সিভিল সার্জন দপ্তরে আসে। এ নিয়ে গত শুক্রবার পর্যন্ত সৈয়দপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দাঁড়নো ৩৯-এ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার পর্যন্ত সৈয়দপুর উপজেলা থেকে ৪১২জনের নমুনা সংগ্রহ করা হয়। আর সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ ও ঢাকা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে সর্বশেষ গতকাল আসা ফলাফলে উপজেলায় নতুন করে আরো তিনজনের করোনা পজিটিভ ফলাফল আসে। এ নিয়ে গত শুক্রবার পর্যন্ত সৈয়দপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা দাঁড়নো ৩৯ – এ।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং একজনের মৃত্যু হয়। আর বাকিরা সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।