
।। খুরশিদ জামান কাকন ।। করোনার প্রাদুর্ভাবে এখনো স্কুল-কলেজ খোলার নামগন্ধ নেই। নেই শ্রেনী কক্ষে পাঠদানের অনুকূল পরিবেশ। দিনকে দিন দেশের করোনা পরিস্থিতি আরো বিপর্যের দিকে ধাবিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরাও দিন কাটাচ্ছে চরম অনিশ্চিয়তায়।
শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকন্ঠা নিরসনে ধীরেধীরে সচল হচ্ছে শিক্ষা ব্যবস্থা। চলছে অনলাইন ক্লাস। অনলাইনেই হচ্ছে মূল্যায়ন পরীক্ষা। এবার অনলাইনেই ম্যাগাজিন বের করে সাড়া ফেললো সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থীরা।
মূলত গৃহবন্দী করোনার এই সময়টায় সৃজনশীল চর্চা অব্যাহত রাখতে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অদম্য শিক্ষার্থীদের ভিন্নধর্মী এই উদ্দ্যোগ। প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের লেখনীর মিশ্রনে পিডিএফ ফাইল আকারে প্রকাশিত এই ম্যাগাজিনের নাম দেওয়া হয়েছে ‘ দুরন্ত’।
করোনা যুদ্ধে নিয়োজিতদের উৎসর্গ করে প্রকাশিত এই ম্যাগাজিনে ঠাই পেয়েছে প্রায় অর্ধশতাধিক লেখা। এরমধ্যে রয়েছে গল্প, কবিতা, ভ্রমণকাহিনী, সায়েন্স ফিকশন, অভিজ্ঞতা সহ সৈয়দপুর সরকারি কারিগরি কলেজকে নিয়ে টেকনিক্যালিয়ানদের স্মৃতিচারণ মূলক নানান লেখা। দুরন্তের গ্যালারি সাজানো হয়েছে শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক স্মরনীয় কিছু স্থিরচিত্রে। ভিন্নধর্মী এই ম্যাগাজিনের সম্পাদনার কাজ করেন সৈয়দপুর সরকারি কলেজের এসএসসি ১৬ ব্যাচের শিক্ষার্থী আবিদ হাসান আকাশ।
১৫ ই জুলাই বুধবার ম্যাগাজিনের উন্মোচনকে ঘিরে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থীদের নিজস্ব ফেসবুক গ্রুপে লাইভ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে যুক্ত হন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ ১) ড.শাহ মোঃ আমির আলী আজাদ, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক পলাশ কুমার দাশ, দুরন্ত ম্যাগাজিনের পৃষ্ঠপোষক আসাদুজ্জামান আসাদ, সহকারী উপদেস্টা সুমি আক্তার লাবনি ও সম্পাদক আবিদ হাসান আকাশ।
এসময় অতিথিবৃন্দ ম্যাগাজিন প্রকাশনার সাথে সংযুক্তদের অভিবাদন জানিয়ে দুরন্তের মতো আরো ম্যাগাজিন বের করার আহবান জানান। আলাপচারিতা চলাকালীন সময়েই সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থীদের ম্যাগাজিন দুরন্তের পিডিএফ ফাইলের লিংক প্রকাশ করা হয়।
অনলাইনে প্রকাশিত দুরন্ত ম্যাগাজিনের সম্পাদক সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থী আবিদ হাসান আকাশ জানান, ‘এখন স্কুল কলেজ বন্ধ। আমাদের ক্লাসের বা পরীক্ষার তেমন কোন চাপ নেই। আমাদের হাতে এখন অজস্র সময়। এই সময়টা সৃজনশীল চর্চায় মনোযোগ দিতে আমাদের এই উদ্দ্যোগ। এবারে আমরা পিডিএফ ফাইলের মাধ্যমে ম্যাগাজিন প্রকাশ করলাম। আগামীতে প্রিন্ট আকারে ম্যাগাজিন বের করার চিন্তাভাবনা আছে আমাদের।’
সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের এসএসসি ১২ ব্যাচের শিক্ষার্থী ও দুরন্ত ম্যাগাজিনের পৃষ্ঠপোষক আসাদুজ্জামান আসাদ জানান, ‘দেশের এই ক্লান্তিলগ্নে সম্মুখ সারির সকল যোদ্ধাদের উৎসর্গ করে আমরা দুরন্ত ম্যাগাজিন প্রকাশ করেছি। আমাদের এই ম্যাগাজিন বের করার পিছনে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। অনুজরাও করেছে সর্বাত্মক সহযোগিতা। সবমিলিয়ে আশা করছি পাঠক হৃদয়ে ব্যাপক সাড়া ফেলবে টেকনিক্যালিয়ানদের এই ম্যাগাজিন’