সিসি নিউজ ।। নীলফামারীতে চালক মাস্ক না পরায় এবং মাস্ক ছাড়া যাত্রী পরিবহন করায় চারটি গণপরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এসময় বিভিন্ন গণপরিবহনে মাস্ক না পরার দায়ে সাতজন যাত্রীকে নয় হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বর ও গাছবাড়ি এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও বিআরটিএ’র যৌথ অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় এসব মামলা ও জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহবুব হাসান, জোহরা সুলতানা যূথী ও মাসুদুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় সদর ট্রাফিক পরিদর্শক আজাদ হোসেন খান ও বিআরটিএর মোটরযান পরিদর্শক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।