লালমনিরহাট প্রতিনিধি: ফাঁকা বাড়িতে চাচার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন লালমনিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী(১৩)। ধর্ষনের পর ধর্ষক চাচা শামসুল ইসলাম (৪৫) নামে থানায় মামলা হলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি বলে পরিবারের অভিযোগ।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে। ধর্ষক শামসুল ইসলাম ওই গ্রামের মৃত জফুর উদ্দিনের ছেলে। গত শনিবার (৩ অক্টোবর) এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহারে জানাগেছে, শনিবার দুপুরে বাবা-মা বাড়ি ফাঁকা রেখে গরুর ঘাস কাটার জন্য পাশের একটি জমিতে যান। বাড়ি ফাঁকা পেয়ে দুর সম্পর্কের প্রতিবেশি চাচা ও ধর্ষক শামসুল ইসলাম কৌশলে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এসময় মেয়েটির আত্মচিৎকারে প্রতিবেশি দুজন নারী আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। পরে ধর্ষক শামসুল ইসলাম দরজা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ওই ঘটনায় ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে গত ৩ অক্টোবর লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে পরিবারের অভিযোগ মামলার দুইদিন হয়ে গেলেও আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। ধর্ষকের পরিবার থেকে হুমকী দেওয়া হচ্ছে বলে ওই কিশোরীর মায়ের দাবী।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা শিকার করে বলেন, মামলা হওয়ার পর থেকেই আসামীকে ধরার চেষ্টা করা হচ্ছে।কিন্তু আসামী পলাতক থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।