সিসি ডেস্ক ।। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন খুলনার এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। তার নাম মালিক সরোয়ার উদ্দিন (৬২)। তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।
শনিবার রাত নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুলনা জেলা করোনা চিকিৎসা সমন্বয়কারী মেহেদী নেওয়াজ বলেন, করোনা শনাক্ত হওয়ার পর মালিক সরোয়ার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মালিক সরোয়ার উদ্দিন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের বাঁধাল গ্রামের মৃত আত্তাপ উদ্দিন মালিকের ছেলে।
মালিক সরোয়ার উদ্দিন ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করতেন। ১৯৯৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০৩ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হন। ২০০৩ সাল থেকে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।