সিসি ডেস্ক ।। পরীক্ষা ছাড়াই অবশেষে ডিজিটাল পদ্ধতিতে করোনাকালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।
গত বছরের ২৫ নভেম্বর এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির রেজাল্ট নিয়েই এ পরীক্ষার ফল প্রকাশ করা হলো।
মোবাইল অপারেটর টেলিটক জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
এছাড়া www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।