
পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ডলি আক্তার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ওমর আলী নামের এক ইউপি চেয়ারম্যান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সিএন্ডবি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ডলি আক্তারের বাড়ি আটোয়ারী উপজেলার তোড়েয়া ইউনিয়নের কাঠালী গ্রামে। তিনি ওই এলাকার হেলাল হোসেনের স্ত্রী। আর আহত চেয়ারম্যান একই উপজেলার মির্জাপুর ইউনিয়নে দায়িত্বরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন চেয়ারম্যানসহ ডলি আক্তার জেলা শহরের দিকে আসছিলেন। সিএন্ডবি মোড় এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ডলি আক্তার সড়কে ছিটকে পড়ে এবং ট্রাকের একটি চাকা তার উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানা গেছে, ডলি আক্তারের স্বামী হেলাল উদ্দীন ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করেন। তবে তারা কেন শহরের দিকে আসছিলেন তা জানা যায়নি।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।