
পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড় সদর উপজেলার শেখের হাট উচ্চ বিদ্যালয়ের ল্যাব থেকে চুরি যাওয়া ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড়ের পুলিশ সুপারের ব্যাপক তৎপরতায় ও কঠোর নির্দেশনায় এবং পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এর তদারকিতে পঞ্চগড় সদর থানাধীন শেখের হাট হাই স্কুলে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের চুরি যাওয়া ১০ (দশ)টি ল্যাপটপ ও আনুষঙ্গিক মালামাল সদর থানার একটি চৌকস দল এসআই/মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ শামীম মন্ডল ও এসআই/মোঃ ফারুক ফিরোজ এবং সঙ্গীয় ফোর্স পঞ্চগড় সদর থানাধীন শিংনাথ পাড়া এলাকা হইতে চোরাই ল্যাপটপগুলো উদ্ধার করেন।
বুধবার সকালে হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথপাড়া এলাকার হাসিবুল ইসলামের বাড়ির সামনের বাঁশঝার থেকে এসব উদ্ধার করা হয়।পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, এদিন ভোরে কে বা কাহারা ওখানে ল্যাপটপ ১০টি বস্তাবন্দী করে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ল্যাপটপগুলো থানায় নিয়ে আসেন।এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে একটি রাউটারসহ ১১টি ল্যাপটপ চুরি হয়। ওইদিন চোর চক্র দরজার তালার উপরের হ্যজবল কেটে ল্যাবের ভিতরে ঢুকে।
এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।