জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওয়াহেদ (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট পৌর শহরের হারাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মণ্ডল পাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মণ্ডলের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, জয়পুরহাট শহর থেকে ওয়াহেদ মোটরসাইকেল যোগে হিচমী মণ্ডল পাড়াতে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল মোড় এলাকায় জয়পুরহাট শহরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওয়াহেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক ওয়াহেদকে মৃত ঘোষণা করেন।