সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে যে বস্তুটি বিস্ফোরিত হয়ে তিনজন নিহত হয়েছেন, সেটি ছিল পরিত্যক্ত একটি মর্টারশেল।বৃহস্পতিবার সকালে গাইবান্ধার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
তিনি জানান, এ ঘটনায় যাদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরিত হয়েই এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার জানান, ওই বাড়ির পাশে রাস্তার কাজ চলছে। সেখান থেকে সম্প্রতি একটি মর্টারশেল পায় ওই পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে সেটি ধারাল কিছু দিয়ে কাটছিলেন কয়েকজন। এরই এক পর্যায়ে এটি বিস্ফোরিত হয়।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কামারদহ মেকুরাই নয়াপাড়া গ্রামে বিস্ফোরণের এ ঘটনায় তিনজন নিহত হন।
নিহতরা হলেন- উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামের কাসেম আলীর ছেলে ও বাড়ির মালিক কুয়েতপ্রবাসী বোরহান উদ্দিন (৩৮) একই গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে ওয়াহেদুল ইসলাম (৩২) এবং মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের তৈয়ব অলীর ছেলে রানা (২৯)।