
পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় করিমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত করিমা বেগম সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকার রমজান আলীর স্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাগলের চিকিৎসা করাতে প্রাণী সম্পদ অফিসে এসেছিল করিমা বেগম। চিকিৎসা শেষে ছাগল নিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক পারাপারের সময়। এ সময় তেঁতুলিয়া থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক করিমা বেগমকে চাপা দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় পথচারী করিমা বেগম। অপরদিকে সড়কে ছিটকে পড়ে ইজিবাইক আরোহীরা।
আহতরা হলেন, পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকার সেলিম হোসেনর স্ত্রী ফাহিমা বেগম (৩৫), একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী শাহানা বেগম (৩২) ও ইজিবাইক চালক ময়নুল ইসলাম (৩০)। ময়নুল সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে শাহানা এবং ফাহিমাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিসহ এর সহযোগীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।