সিসি নিউজ ।। সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে ভোট কেন্দ্রে দূর্বৃত্তদের হামলায় নিহত ছোটন অধিকারী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ মে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান শহরের জাসদ মোড় এলাকা থেকে ডলার সরকার (২৬) নামে ওই আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ডলার সরকার শহরের পুরাতন মুন্সিপাড়ার ইসলামিয়া স্কুল সংলগ্ন আব্দুল বারীর পুত্র ।
পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনের দিনে সৈয়দপুর মহিলা কলেজ কেন্দ্রের সামনে অজ্ঞাত ১০/১২ জন দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয় মুন্সিপাড়ার (নূরুল আজিম লেন) ছোটন অধিকারী (৫২)। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ছোটনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সেখানেই ছোটন অধিকারী মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহত ছোট অধিকারীর স্ত্রী শ্রাবনী অধিকারী নিজে বাদী হয়ে গত ১০ মার্চ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান সিসি নিউজকে জানান, তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত ওই আসামীকে ওইদিনই আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামীর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।