সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর দায়ে হাফিজুর রহমান (৩২) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ৯টার দিকে শহরের পশু হাসপাতালের সামনে সড়কের ওপর।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের ডাক্তারপাড়ার আজিজার রহমানের পুত্র।
অভিযোগ সূত্রমতে, শহরের নয়াটোলা মহল্লায় বসবাসকারী ও আল ফারুক একাডেমির ১০ম শ্রেনীর ওই ছাত্রী প্রাইভেট পড়ে সকাল ৯টার দিকে পশু হাসপাতালের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিল। এ সময় আকষ্মিকভাবে একটি ইজিবাইক তার কাছে এসে থামে। কোন কিছু বুঝে ওঠার আগেই যাত্রীশুন্য ইজিবাইকের চালক মেয়েটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানী ঘটায়। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ইজিবাইকসহ বখাটে ওই যুবককে আটকে পুলিশে সোপর্দ্দ করে।
পরে মেয়েটি নিজে বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) ০৩-এর ১০ যৌন নিপীড়নের অপরাধে মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, আগামীকাল সোমবার (৩১ মে) আসামীকে আদালতে প্রেরণ করা হবে।