অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। আসন্ন বন্যা মোকাবেলায় কুড়িগ্রামের নদ-নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।
তিনি মঙ্গলবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাটের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও সদর উপজেলার মোগলবাসায় ধরলার নদীর ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানান, কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র ও ধরলায় স্থায়ী ভাঙ্গন রোধে ১৪শ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। আরো প্রায় ৬শ কোটি টাকার প্রকল্প একনেকে পাশের অপেক্ষায় আছে, যা পাশ হলে দুধকুমরের স্থায়ী ভাঙ্গন রোধে কাজ করা হবে। সবমিলে প্রায় ২ হাজার কোটি টাকার প্রকল্প দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ জেলার নদ-নদীর ভাঙ্গন রোধের উদ্যোগ নিয়েছেন। এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন ও বন্যার হাত থেকে এ জেলার মানুষ রক্ষা পাবে। এছাড়াও আসন্ন বন্যা মোকাবেলার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি রয়েছে। জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। বন্যা চলাকালীন সময়ে যখন যেখানে প্রয়োজন হবে আমরা ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।