সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে বাক প্রতিবন্ধি এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ওই কিশোরকে রোববার (২৭ জুন) সকালে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত আদানীপাড়া গ্রামে।
কিশোরের ভাইয়ের অভিযোগ, গত ২৬ জুন রাত ৯ টায় খাওয়া-দাওয়া শেষে কিশোরটি বাড়ির সামনে হাটছিল। সে সময় প্রতিবেশী বখাটে দুই যুবক তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধলাগাছ হাই স্কুলের পাশে নিয়ে গিয়ে বলাৎকার করে। কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়।
তিনি জানান, রোববার সকালে তার ভাই খুব অসুস্থ হয়ে পড়লে আমাকে বিষয়টি খুলে বলে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাঃ ময়মুনুল হক জানান, কিশোরকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ওই ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।