সিসি নিউজ ।। করোনা পরিস্থিতিতে নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার নিম্নআয়ের ৬০০ নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
পৌরসভার উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভার ১৫ টি ওয়ার্ডের মানুষের মাঝে ওই ত্রান বিতরণ করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সাবিয়া বেগম, পৌরসভার সচিব সিদ্দিকুর রহমানসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। করোনা পরিস্থিতিতে কোরবানি ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহার নগদ অর্থ হাতে পেয়ে খুশি বলে জানিয়েছে হতদরিদ্ররা।
এ সময় পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। করোনা মহামারির শুরু থেকেই সরকার সব শ্রেণি- পেশার মানুষকে সহযোগিতা করে আসছে। তারই আলোকে সৈয়দপুর পৌরসভার সাধারণ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।