।। এস এম জামান ।। অপরিকল্পিত ভাবে পণ্য খালাসের কারণে রেলওয়ে লুপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ঝুঁকি নিয়ে পণ্য বোঝাই ওয়াগনগুলো ওইসব রেলের ট্রাকে নেয়া হচ্ছে। এতে যে কোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এ অভিযোগ সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ও গুডস হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা ট্যান্ডেলের বিরুদ্ধে।
রেলওয়ে সূত্র মতে, চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু হওয়ায় বাংলাদেশের আমদানিকারকরা এ পথে পাথর আমদানি করছে। পাথরের ওয়াগনগুলো নীলফামারীর চিলাহাটি হয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এনে তা আনলোড করা হয়। ইতিমধ্যে ১০৩ ওয়াগন ভারতীয় পাথর আনলোড করা হয়েছে এ স্টেশনে।
কিন্তু অপরিকল্পিত ভাবে অদক্ষ শ্রমিকের মাধ্যমে দিন-রাত পাথর আনলোড করায় রেললাইনের (ট্রাক) যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথরগুলো রেলপথের ওপর ফেলে দেয়ার পর আমদানিকারকরা ভেকু মেশিন দিয়ে তা পণ্যবাহি ট্রাকে লোড করছে। এতে রেলপথের মাটিসহ স্লিপার ও রেলপাতের যথেষ্ট ক্ষতিসাধন হয়েছে।
সৈয়দপুর স্টেশনের পণ্যবাহি ট্রেনের মালামাল আনলোডের শ্রমিকদের ট্যান্ডেল আফতাব আলম জানান, চুক্তি নিয়ে অতিরিক্ত শ্রমিক নিয়োগের মাধ্যমে ওয়াগনের মালামাল খালাস করায় দিনরাত কাজ করছি। এতে রেলের ট্রাকে পাথর তো পড়বেই। ওয়াগন খালি করায় আমাদের কাজ। রেলের ক্ষতি আমরা করছি না।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুরে প্রধান পরিদর্শক রফিকুল ইসলাম সর্দার জানান, সৈয়দপুর স্টেশনে মাত্র ৪ জন সদস্য দায়িত্ব পালন করছে। রাতে মালামাল খালাস করায় নিরাপত্তা প্রদানে হিমসিম খেতে হচ্ছে আমাদের।
সৈয়দপুর রেলওয়ের উর্ধতন উপ সহ প্রকৌশলী সুলতান মৃধা জানান, স্টেশনের ৫নং লুপলাইনটি পাথর আনলোড ও ভেকু ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগি হিসেবে গত এক সপ্তাহ পূর্বে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে সৈয়দপুর স্টেশন মাস্টারকে অবগত করা হলেও তিনি ঝুঁকি নিয়ে পাথরের ওয়াগন ওই লুপ লাইনে নিচ্ছেন।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শওকত আলী জানান, চলাচলের অনুপযোগি লুপ লাইনটিকে মাটি ও ইটের টুকরো দিয়ে উপযোগি হিসেবে গড়ে তোলা হয়েছে। তাই ওই রেলপথে পণ্যবাহি ট্রেন প্রবেশ করানো নিয়ে কোন সমস্যা নেই।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকি তানজিলুর রহমান জানান, ভেকু দিয়ে পাথর আনলোড করায় রেলের ট্রাকের ক্ষতিসাধন হয়েছে। নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।