সিসি নিউজ ।। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রংপুর-দিনাজপুর মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। একই সাথে সড়ক পরিবহন আইনে অপরাধ ও শাস্তির পরিমাণ সম্পর্কে অবগত করার জন্য অবৈধ বাহনের চালক ও মালিকদের মধ্যে পথসভা সভা করেছেন। এছাড়া সড়ক সংলগ্ন বাজার ও বিভিন্ন পয়েন্টে মাইকিং, সেমিনার ও লিফলেট বিতরণ করছেন।
হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের ৫১ কিলোমিটার সড়ক দশমাইল হাইওয়ে থানার অধীনে। এ মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অটোরিকশা, ইজিবাইক, ট্রলি, সিএনজি এবং থ্রি হুইলার চলাচল করছে। এতে সড়কে যানজটের সৃষ্টির পাশাপাশি প্রায়ই ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। সড়কে পুলিশের টহলগাড়ী দেখা পেলে এসব অবৈধ বাহনের চালকরা কৌশলে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে। টহলগাড়ী আড়ালে গেলে তারা আবারো ফিরে আসে মহাসড়কে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, গত ৩ দিনে হাফ ডজন ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি, নসিমন, ভটভটি আটক করে মামলা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা অনুযায়ী সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠোর ভূমিকা পালন করে যাবেন।
উল্লেখ্য, দেশের সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ২০১৫ সালের ১ আগস্ট থেকে দেশের ২২টি মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিকশা, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।