সিসি নিউজ ।। মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত আসামী রাজা মিয়া চিকিৎসাধীন অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে মারা গেছেন। নীলফামারী জেলা কারাগারে থাকা রাজা মিয়া আজ সোমবার সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।
জানা যায়, নিহত রাজা মিয়া সৈয়দপুর ডাকবাংলো সড়ক এলাকার সেলিম হোসেনের ছেলে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদুল হাসান গত ২৭সেপ্টেম্বর তাকে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন। সাজার মেয়াদ শেষে আজ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমল রায় জানান, আসামী রাজা মিয়া একজন হৃদরোগী ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।