সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধার পলাশবাড়িতে তাঁতীলীগের এক নেত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকালে রফিকুলকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা করেছেন ওই নারী।
৩১ বছরের ভুক্তভোগী ওই নারী নেত্রী তাঁতীলীগ পলাশবাড়ি উপজেলা কমিটির দায়িত্বে আছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
মামলায় ওই নারী নেত্রী উল্লেখ করেন, বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ বাসা ভাড়া করেও তার সঙ্গে অবাধে শারীরিক মেলামেশা করেন রফিকুল।
কিছুদিন ধরে বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা তালবাহনা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেয় বলে অভিযোগ নারী নেত্রীর। ফলে বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করেন নেত্রী।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী মামলা করেছেন। অভিযোগকারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামি রফিুকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত রফিকুল ইসলামকে। এছাড়া বিষয়টি নিয়ে পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
উৎস: ঢাকাটাইমস