সিসি নিউজ ।। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। শনিবার (১৬ অক্টোবর) সকালে সচেতনতামূলক ওই প্রচারণা শুরু হয়। এ সময় সংগঠনের সদস্যরা রেললাইনের ধারে বসবাসকারী স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও পথসভায় অংশগ্রহন করেন। পথসভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনি বিধি-বিধান তুলে ধরা হয় এবং পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দেওয়ার জন্য সহায়তা কামনা করেন। সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটা, শিশুদের রেললাইনের উপর খেলাধুলা ও চলন্ত ট্রেনে সেলফি তোলা থেকে বিরত থাকতে বলা হয় ওই প্রচারাভিযানে। শহরের গোলাহাট থেকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলে ওই কার্যক্রম। বিভিন্ন এলাকায় এভাবে প্রতি সপ্তাহে চলবে ওই সচেতনতামূলক প্রচারাভিযান বলে জানায় সংগঠনের সদস্যরা। প্রচারাভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর নওশাদ আনসারী, সামিউল আলিম, অনলী রাজা, ইমরান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সম্প্রতি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সন্নিকটে চলন্ত আন্তনগর ট্রেনে পাথর ছুঁড়ে মারায় চোখে আঘাত পায় ৮ বছরের এক শিশু। বর্তমানে শিশুটি ওই চোখে সামান্য দেখতে পেলেও ভবিষ্যতে চোখটি নষ্ট হয়ে যেতে পারে বলে চিকিৎসক আশঙ্কা প্রকাশ করেছে।