সিসি নিউজ ।। দিনাজপুরের পার্বতীপুরে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ট্রেনটি পার্বতীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পর লেভেল ক্রসিংয়ে পৌঁছালে এ ঘটনা ঘটে।
ওই ট্রেনের পরিচালক ইমরান হোসেন বলেন, ৬২ নম্বর ডাউন লালমনিরহাট কমিউটার পার্বতীপুর স্টেশন রেল থেকে ১২টা ৫৫ মিনিটে রংপুরের উদ্দ্যেশে যাত্রা শুরু করে। এর ২ মিনিট পর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীবাহী ৯৩৮৪ নম্বর বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পার্বতীপুর-রংপুর রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর পর দুপুর ১টা ১০ মিনিটে উদ্ধার কাজ শুরু হলে বেলা ৩টার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী বলেন, দুপুর একটায় ট্রেনটি লাইনচ্যুত হলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, লাইনচ্যুতের ঘটনায় লালমনিরহাটের টিআই ছহির উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।