সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জেলহাজত থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ওই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ওই সাধারণ সদস্য পদ প্রার্থী হচ্ছেন মো. নাজিমুল ইসলাম ওরফে টাইগার। তিনি ওই ইউনিয়নের পূর্ব বেলপুকুর ইউনিয়নের পাকাধারা গ্রামের মকবার আলীর পুত্র।
সূত্র মতে, আগামী ২৬ ডিসেম্বর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের একজন হচ্ছেন মো নাজিমুল ইসলাম ওরফে টাইগার। তিনি বর্তমানে নীলফামারী জেলহাজতে রয়েছেন।
সৈয়দপুর থানায় ৩৪২/১৭০/ ৩২৩/ ৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় দায়েরকৃত একটি মামলায় গত ২৯ অক্টোবর থেকে হাজত বাস করছেন তিনি। কিন্তু গত ২৪ নভেম্বর সাধারণ সদস্য পদে তার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রস্তাবকারী মো. আনোয়ারুল হক। তিনি প্রার্থীর পক্ষ্যে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে ওই মনোনয়নপত্র জমা দেন। আর এতে সমর্থণকারী হচ্ছেন একই এলাকার মো. মিন্টু সরকার। এ নির্বাচনে তিনি তালা প্রতীকের জন্য আবেদন করেছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জেলহাজতে থেকে নাজিমুল ইসলাম টাইগারের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্রিং কর্মকর্তা মো. রবিউল আলম।