সিসি নিউজ ডেস্ক ।। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশে’র (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
রোববার বিকেলে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মফিদুল ইসলাম (২৯), মো. বুলবুল ইসলাম বাবলু (২৫) ও মো. লাভলু ইসলাম (২৭)।
পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, গত ৪ ডিসেম্বর র্যাব-১৩ এর নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধজঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা করা হয়। পরবর্তীতে তাদের পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।