সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রুবেল হোসেন নিহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাত ১০টার দিকে র্যাবের একটি দল ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. মারুফ হোসেন অন্তিক কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউপির বর্তমান চেয়ারম্যান ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৮ নভেম্বর কিশোরগঞ্জ উপজেলায় গাড়াগ্রাম ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ভোট কেন্দ্রে প্রাণ হারান বিজিবি সদস্য রুবেল হোসেন।
স্থানীয়রা তখন জানিয়েছিলেন, ওই দিন রাতে ভোটের ফল প্রকাশ হওয়ার পর জাতীয় পার্টির পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা কেন্দ্রে হামলা চালান। ওই সময় আত্মরক্ষায় বিজিবি সদস্য রুবেল কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনায় পরাজিত প্রার্থী মারুফ হোসেন অন্তিককে প্রধান আসামি করে পর দিন মামলা করেন গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায়। এজাহারে আরও ৯৫ জনের নাম উল্লেখ করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, ইতিপূর্বে এ মামলার এজাহারভুক্ত ১৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।