সিসি নিউজ ডেস্ক ।। আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশন আয়োজন করছে পাকিস্তান। আর এতে যোগ দিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের। তবে সেই সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। আজ শনিবার দুপুরে দুবাই হয়ে তাঁর ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাতে তাঁর নিজ বাসাতেই অবস্থান করছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। অবশ্য বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন।
শাহরিয়ার আলমের কাছের একটি সূত্র জানান, প্রতিমন্ত্রী কোথাও যাচ্ছে না। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।
আফগানিস্তানে মানবিক সংকট নিরসনে সহায়তা করার জন্য পাকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসির ১৭ তম বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। এতে সব সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নারী-শিশুসহ লক্ষাধিক আফগানের জরুরি ভিত্তিতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহের প্রয়োজন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অর্থাৎ, ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের সম্মুখীন। তাদের মধ্যে ৩২ লাখ আফগান শিশু এবং ৭ লাখ গর্ভবতী নারী ভয়াবহ পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের ধারণা মতে, আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ লোকের মধ্যে ৬০ শতাংশ তীব্র ক্ষুধার ঝুঁকিতে এবং এই পরিস্থিতি প্রতিনিয়তই খারাপের দিকেই যাচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মতে, আফগানিস্তানে এরই আগেই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৯ লাখ। সেই সঙ্গে ২০২১ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।
এই প্রেক্ষাপটে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য ওআইসি শীর্ষ সম্মেলনের সভাপতি সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।
প্রসঙ্গত, আফগানিস্তান ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য। উৎস: আজকের পত্রিকা