সিসি নিউজ।। নীলফামারীতে বিজয়ের সুবর্ণজয়ন্তীর উৎসব। উৎসবের অংশে জাতীয় পতাকাবাহি বাইসাইকেল র্যালী। সেই র্যালিতে সাইকেল চালিয়ে শহর প্রদক্ষিণ করলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
বৃহস্পতিবার দুপুরে মুজিববর্ষ ও বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ ওই র্যালির আয়োজন করে। র্যালীতে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
র্যালীটি শুরুর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তৃতা দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এসময় তিনি বলেন, “এ র্যালী শুধু একটি র্যালী নয়, এটি আমাদের চেতনার বহিঃপ্রকাশ। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক ত্যাগ ও রক্তদানের ইতিহাস। এ ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। এ ইতিহাস ভুলে গেলে আমরা আগামীতে পথ চলতে পারবো না”।
বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন,“বিএনপি-জামায়াত কৌশলে সন্ত্রাস ও মাদককে ব্যবহার করে তরুণ সমাজকে ধ্বংস করছে”।
এর আগে দলীয় কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন করেন সংসদ সদস্য নূর। বিকালে জেলা যুবলীগ আয়োজিত সুবর্ণজয়ন্তীর র্যালী, যুবদের ১০০ মিটার দেীঁড় প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ ও শহরের বড়মটাঠে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মজিব কণ্ঠের’ উদ্বোধন করেন তিনি। এসব অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।