সিসি নিউজ।। নীলফামারীতে রেলপথের ধারে গাছে ঝুলন্ত অবস্থায় ববিতা রানী (৩০) নামে ইপিজেড কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে জেলা সদরের সোনারায় ইউনিয়নের জয়চন্ডি এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে নীলফামারী সদর থানা পুলিশ।
নিহত ববিতা রানী নীলফামারী সদরে শখের বাজার এলাকার সনাতন রায়ের স্ত্রী। পার্শ্ববর্তী দিনাজপুরে খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় তাঁর পিত্রালয়। সে উত্তরা ইপিজেডের একটি পোষাক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
নিহতের বাড়ি থেকে প্রায় ৫ এবং কর্মস্থল থেকে ২ কিলোমিটার দূরে নির্জনস্থানে এ ঘটনাটি ঘটেছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।