সিসি নিউজ।। নীলফামারীতে সাংবাদিকদের নিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ক ইস্যুভিত্তিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বুধবার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া ও কোরানীপাড়া মাঠ পরিদর্শনের মধ্যদিয়ে ওই কর্মশালার সমাপ্তি ঘটে। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহনকারী সংবাদকর্মীরা উল্লেখিত এলাকার পানিতে ডুবে মৃত্যুবরণকারী দুইজন শিশুর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে তাদের শিশু মৃত্যুর বিষয়ে কথা বলেন।
প্রসঙ্গত, রংপুর ও নীলফামারী জেলার সাংবাদিকদের জন্য পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ক ইস্যুভিত্তিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি। নীলফামারীর বড়দড়গা এলাকায় উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (ঘাই) এর সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (ঘাই) এর কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদদুস এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক(ভারপ্রাপ্ত) নুরুন্নাহার শাহজাদী ও নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমূখ।
দুই দিনব্যাপী এ কর্মশালায় গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (ঘাই) এর যোগাযোগ ব্যবস্থাপক সারোয়ার- ই- আলম, সমষ্টির পরিচালক ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, সমষ্টির পরিচালক (গবেষণা ও যোগায়োগ) রেজাউল হক বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সমন্বয়কারী ছিলেন চ্যানেল আই ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেরিনা লাভলি। কর্মশালায় রংপুর ও নীলফামারী জেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন।