মাসুদ পারভেজ রুবেল।। দিন শেষে এখন আর ফুটপাত বা অন্যের ঘরে ফিরতে হবে না। ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র প্রতিবন্ধী তছিরন বেওয়া এখন প্রতিদিন ঘুমাতে পারবেন নিজ ঘরে। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে আড়াই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা।
মুজিব ছায়ার বাড়ি পাওয়ার আনন্দে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি বাজার এলাকার ভূমিহীন প্রতিবন্ধী বিধবা তছিরন বেওয়ার(৬৫) চোখে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় তছিরন জানান, ঘর না থাকায় আমি মেয়ের শ্বশুর বাড়ির এক কোনায় পলিথিনের ছাউনিতে থাকি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি জমিসহ ইটের একটা নতুন বাড়ি পাবো। শেখ হাসিনা আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে পাকা ঘরে থাকতে পারবো। আমি ভীষণ খুশি ঘর পেয়ে। দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছেন। সরকারে ‘মুজিব ছায়া’ প্রকল্পের আওতায় গৃহহীন ওইসব পরিবার পাচ্ছে দুই কক্ষ বিশিষ্ট ঘর, একটি বাথরুম, দুটি করে ফ্যান, লাইট ও একটি টিউবওয়েল।যার অংশ হিসেবে ডিমলায় ভূমিহীন এমন এক পরিবার মুজিব ছায়ার তলে আশ্রয় খুুঁজে পেয়েছে।ডিমলা থানা পুলিশের নিজস্ব অর্থায়নে দানকৃত জমিতে পুলিশ প্রশাসনের সার্বিক তত্বাবধানে বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালে অংশ নিয়ে গৃহহীনদের মাঝে এসব বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৪৯৫টি থানায় গৃহহীনদের জন্য একটি করে বাড়ি নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। যার নামকরণ করা হয়েছে ‘মুজিব ছায়া’। পুলিশের দেওয়া বাড়িতে গিয়ে দেখা যায় নতুন ঘরে বসবাস শুরু করছেন তছিরন বেওয়া। চোখে মুখে তৃপ্তি নিয়ে ডিমলা থানার পুলিশ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তছিরন বেগমের ছোট জামাতা মমিনুর রহমান বলেন, স্বপ্নেও ভাবিনি আমার শাশুড়ির এমন ঘর হবে। ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায় জানান, উর্ধতণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘরের নকশা, কাজের গুণগত মান রক্ষা এবং ফলজ বৃক্ষরোপণ করা হয়েছে। মুজিব ছায়া প্রকল্প বাস্তবায়নের জন্য শঠিবাড়ি বাজারের পাশে ডিমলা থানা পুলিশ তিন শতক জমি কিনে তছিরন বেওয়াকে দলিল মুলে রেজিস্ট্রি করে দেয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলার গয়াবাড়ি বাজারের পাশে আড়াই শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে মুজিব ছায়া প্রকল্পের একটি বাড়ি। নির্মাণাধীন বাড়িটি পাচ্ছেন ওই বাজারে পলিথিনের ছাউনির নীচে দিনাতিপাত করা শারিরীক প্রতিবন্ধী তছিরন বেওয়া (৬৫)। রোববার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে একযোগে এ প্রকল্প উদ্বোধন করেন। এছাড়াও ডিমলা থানায় নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য একটি মানবিক ডেস্ক উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি।