সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে একটি মাল্টা বাগানের ৪০টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
কৃষি উদ্যোক্তা মো. আহসান উল- হক বাবু জানান, তিনি বাড়ি সংলগ্ন তাঁর তিন বিঘা জমিতে একটি মাল্টা ফল বাগান গড়ে তুলেছেন। গেল বছরের (২০২১ সাল) এপ্রিল মাসের দিকে ওই বাগানে প্রায় সাড়ে পাঁচ শত মতো মাল্টা ফলের চারা রোপন করেন তিনি। গত শুক্রবার গভীর রাতে ওই বাগানের ৪০টির বেশি মাল্টা গাছ ধাঁরালো ছুরি দিয়ে কেটে দেয়। শনিবার সকালে বাগান মালিকের শ্রমিক মঞ্জুরুল হক মাল্টা বাগানে পরিচর্যা করতে গিয়ে বিষয়টি টের পান। তিনি বলেন, আমার সঙ্গে কারো শক্রতা থাকতে পারে, কিন্তু বাগানের গাছগুলোর সঙ্গে কেন এমন শক্রতা?
এ ঘটনায় বাগান মালিক মো. আহসান উল- হক বাবু সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত নিশ্চিত করেছেন।