জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাসানুজ্জামান হাসু (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুন ) সকালে জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাসানুজ্জামান হাসু পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলাম ছেলে।
নিহত হাসুর ছবি বুকে নিয়ে হতভাগ্য পিতা কান্না জড়িত কন্ঠে বলেন, স্থানীয় এক যুবক তার ছেলে হাসুর কাছ থেকে ধারের টাকা পেতেন, সেই যুবক বার বার টাকার জন্য হাসুকে চাপ দিতেন। সময় মত টাকা ফেরৎ দিতে না পারায় সেই যুবক হাসুকে হত্যা করতে পানে বলে হাসুর বাবা অভিযোগ করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, হাসু গতকাল শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। আজ রবিবার সকালে হাসুর মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান ওসি।