সিসি নিউজ।। নীলফামারী জেনারেল হাসপাতালে যুক্ত হলো লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সুবিধা। সোমবার বেলা ১২টার দিকে ওই সেবার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পুরাতন অ্যাম্বুলেন্স মেরামতের জন্য চার লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন থেকে গর্ভবতী মায়েদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক মো. ‘জহিরুল কবির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী পৌরসভার মেয়র দেয়ান কামাল আহমেদ, নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রহিম, আজিজুল হক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক, ঠিকাদার মিজানুর রহমান প্রমুখ। হাসপাতালের সহকারী পরিচালক মো. জহিরুল কবির জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারত সরকার বাংলাদেশকে ৭৯টি লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেয়। যাতে যুক্ত রয়েছে জীবনরক্ষাকারী আধুনিক যন্ত্রপাতি ও রোগীদের মানসম্মত জরুরী সেবা ও লাইফ সাপোর্ট সুবিধা। তারই একটি নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালকে দেয়া হয়েছে। জেনারেল হাসপাতালটি নীলফামারী মেডিক্যাল কলেজের সঙ্গে সংযুক্তি থাকায় ওই অ্যাম্বুলেন্সটি হাসপাতালের জটিল রোগী বহনে ব্যবহার করা হবে।’