সিসি নিউজ।। এমপিওভুক্ত করার ঘোষণা দেয়া নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বৃহস্পতিবার তিনি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ব্যাঙমারী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি পরিদর্শনে যান।
দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন বিদ্যালয় ফটকে পৌঁছলে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. রেজাউল করিম তাকে অভ্যর্থনা জানান। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোকছেদ বসুনিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন তাঁর উপজেলায় এবং নিজ ইউনিয়নে অবস্থিত শ্বাসকান্দর ব্যাঙমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার ঘোষনা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের দুই হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দেন। এর মধ্যে সৈয়দপুর উপজেলার একটি উচ্চ মাধ্যমিক কলেজ ও দুইটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। উচ্চ মাধ্যমিক কলেজটি হচ্ছে, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ। আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুইটি হচ্ছে মধুপুর নয়াহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও শ্বাষকান্দর ব্যাঙমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এদের মধ্যে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর ব্যাঙমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি বিগত ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়। সৈয়দপুর উপজেলার ও বোতলাগাড়ী ইউনিয়নের সীমান্ত ঘেঁষে একেবারে প্রত্যন্ত এলাকায় অবস্থিত এ নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদ্যালয়টিতে সাড়ে তিন শ’র বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আর এ সব শিক্ষার্থীদের পাঠদানের জন্য সাত জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় বিশ বছর ধরে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা বেতন ভাতা ছাড়াই শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করে আসছেন।