
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মামা শের আলীর কাঠের লাঠির আঘাতে আপন ভাগ্নে মাসুম মিয়া (২০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২০ জুলাই ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায় , উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নীপতি মনোয়ার ও ভাগিনা মাসুমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ খানের কাছে অভিযোগ যায়।বুধবার (২০ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদে সালিস বৈঠক ডাকা হয়। বৈঠক শুরু হওয়ার আগে সেখানে উভয় পক্ষের লোকজন জড়ো হয়। একপর্যায়ে চেয়ারম্যানের হস্তক্ষেপে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি হয়।
বৈঠক শেষে দুপুরে বাড়ি ফেরার পথে ফেডারেশন বাজারের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে মাসুমের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।আহতাবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, পরিষদে সালিস বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে জমির বিরোধ নিষ্পত্তি করা হয়। কিন্তু রাস্তায় মামা ভাগিনা উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।