সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় দফায় ভুমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের মাঝে ১০০ পাকা গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিতে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভূমি) মাহ্মুদুল হাসান, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতা মো. ইদ্রিস আলী, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগীদের হাতে জমিসহ গৃহের দলিলপত্র তুলে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে সৈয়দপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০০টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা কামারপুকুর নিজবাড়ী ও ধলাগাছ এবং বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় ওই ঘরগুলো নির্মাণ করা হয়। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় বরাদ্দ রয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ’ টাকা। এতে রয়েছে দুইটি পাকা কক্ষ, বারান্দা, টয়লেট ও রান্না ঘর।
এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে সৈয়দপুর উপজেলায় তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৮৫টি গৃহ নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।