সিসি নিউজ ডেস্ক ।। সদ্য পদায়ন পাওয়া ৪০ জেলার পুলিশ সুপারদের (এসপি) আগামী নির্বাচনী মৌসুম ঠান্ডা মাথায় মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক সমন্বয়ের মাধ্যমে জনগণের জন্য পুলিশিং করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফে তাদের এই নির্দেশনা দেওয়া হয়।
সকাল ১০টায় শুরু হওয়া ব্রিফ শেষ হয় রাত আটটার কিছু আগে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। ১৫ আগস্ট বরগুনায় ছাত্রলীগকে লাঠিপেটা এবং ৩১ জুলাই ভোলায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনাগুলো উদাহরণ হিসেবে তুলে ধরা হয় এসপিদের সামনে। বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি স্বাভাবিক থাকবে না। তাই আইনি পথে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জোর দেন বক্তারা।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর বক্তব্য দেন আইজিপি বেনজীর আহমেদ। তিনি জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকার জন্য এসপিদের প্রতি আহ্বান জানান।
অতিথি বক্তা হিসেবে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান আলোচনায় অংশ নেন। পুরো সেশনে সবচেয়ে বেশি সময় ধরে নতুন পুলিশ সুপারদের নানা দিক নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মূলত তিনি শুদ্ধাচার এবং সেবার মান নিয়ে বক্তব্য রাখেন। জননিরাপত্তা সচিবের পর সমাপনী বক্তব্য রাখেন মুখ্য সচিব আহমদ কায়কাউস।
গত ৩ আগস্ট ঢাকাসহ একযোগে দেশের ৪০ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়। যারা এই সপ্তাহের মধ্যে নিজ কর্মক্ষেত্রে যোগ দেবেন। উৎস: আজকের পত্রিকা